News

বদলির প্রজ্ঞাপন পেয়ে সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি, হুমকির অভিযোগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে বদলির প্রজ্ঞাপন পাওয়ার পর এক সাংবাদিকের বাড়িতে পুলিশ ও আনসার সদস্য নিয়ে তল্লাশি চালানো এবং অপর এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক কালবেলার রৌমারী উপজেলা প্রতিনিধি সাখাওত হোসেন।

জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসিল্যান্ড রাফিউর রহমানের বদলির আদেশ জারি করা হয়। এর পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্য নিয়ে উপজেলার সবুজপাড়া গ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক মানবজমিনের রৌমারী প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে তল্লাশি চালানো হয়।

ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম সাজু অভিযোগ করে বলেন, দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি ২৭ আগস্ট সম্পন্ন হয়েছিল। পরে ৩১ আগস্ট এসিল্যান্ড সেটি বাতিল করেন। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় মুঠোফোনে আইনি বৈধতার বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড ক্ষুব্ধ হন। এর জের ধরেই তার বাড়িতে মাদক থাকার ভুয়া অভিযোগ তুলে তল্লাশি চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

অপর সাংবাদিক সাখাওত হোসেন বলেন, এসিল্যান্ডের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় তিনি আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। তার বক্তব্য জানতে ফোন করলে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল চক্রের মাধ্যমে সেবা প্রদান, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সাংবাদিকদের হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, এসিল্যান্ডের চাহিদানুযায়ী পুলিশ পাঠানো হয়েছিল। এর বাইরে এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, মাদকের তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, তবে কিছু পাওয়া যায়নি। তিনি যে সাংবাদিক ছিলেন, তা তার জানা ছিল না বলে দাবি করেন তিনি।

source: Asia Post

Back to top button