News

পুরান ঢাকার যানজট কমাতে নেওয়া হয়েছে যেসব উদ্যোগ

পুরান ঢাকার দীর্ঘদিনের জনভোগান্তিকর যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) লালবাগ ট্রাফিক লালবাগ বিভাগের আজিমপুর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুরান ঢাকার যানজট নিরসনে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

ডিসি মফিজুল ইসলাম জানান, পুরান ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, বাদামতলী ফলের মার্কেট, ধোলাইখালের ট্রাকস্ট্যান্ড এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার বাসস্ট্যান্ডকে চিহ্নিত করা হয়েছিল।

এর মধ্যে ভিক্টোরিয়া পার্ক এলাকার বাসস্ট্যান্ডটি সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগে সেটি সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি। এর ফলে এলাকাটির যানজট ও জনভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডও সরিয়ে দেওয়া হয়েছিল। বাসস্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার পর সংশ্লিষ্টদের অন্য পাশে স্থানান্তরের কথা থাকলেও সেখানে প্রয়োজনীয় অবকাঠামো পর্যাপ্ত না থাকায় প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে বলে জানানো হয়।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে আরও অবকাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করে কিছু সময় নেওয়া হয়েছে বলেও জানান ডিসি মফিজুল ইসলাম।

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলেও সেটি ধরে রাখা সম্ভব না হওয়ায় তিনি হতাশ বলে জানান। বর্তমানে বাসস্ট্যান্ডটি সাময়িকভাবে সেখানে রাখা হয়েছে এবং পরবর্তীতে এটি সরিয়ে নেওয়া হবে বলে তাকে জানানো হয়েছে।

পুরান ঢাকার যানজট নিরসনে বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের স্থানান্তরের জন্য প্রয়োজনীয় জায়গা ও অবকাঠামো দ্রুত প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিসি মফিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই পুরান ঢাকার সড়কগুলোতে চলাচলের সময় যানজটের এই সমস্যা দেখে আসছেন তিনি। বর্তমানে এই এলাকার যানজট নিরসনের দায়িত্বে থাকায় সমস্যাটির স্থায়ী সমাধান করতে পারলে সেটিকে তার কর্মজীবনের একটি স্মরণীয় অর্জন হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

source: Asia Post

Back to top button