পুলিশের ১৭ কর্মকর্তাকে নতুন পদে বদলি, দুই কর্মকর্তার আদেশ বাতিল

বাংলাদেশ পুলিশ ক্যাডারের ১৭ জন কর্মকর্তাকে নতুন পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আগে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিফ আহমেদ।
প্রথম প্রজ্ঞাপনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি), রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম-কে ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মুঃ মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) এবং নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মোহাম্মদ নূরুল আমীন, পিপিএম (বার)-কে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পূর্বে জারি করা দুটি বদলির আদেশ বাতিল করা হয়। এর মধ্যে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে বদলির আদেশ এবং গত ৫ মে ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে নড়াইলের পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামীকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পিপিএম-সেবাকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসবির বিশেষ পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবাকে পূর্বের আদেশ বাতিলপূর্বক পিবিআইয়ের পুলিশ সুপার, আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আব্দুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেন, পিপিএম-সেবাকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে বদলি করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস, এম, সিরাজুল হুদা, পিপিএম (বার)-কে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম, পিপিএম-সেবাকে এপিবিএনের পুলিশ সুপার এবং এসএমপির উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবির, বিপিএসসি-কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
source: Asia Post







