News

মেট্রো স্টেশনে বিড়ালের ‘চাকরি’, পদ ‘প্রধান বিড়াল কর্মকর্তা’

মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে নিয়মিত ঘোরাফেরা করা এক কমলা রঙের বিড়াল এবার রীতিমতো চাকরি পেয়ে গেছে! যাত্রীদের মজার দাবির পর বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ভারতের মহারাষ্ট্রের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে দীর্ঘদিন ধরেই বিড়ালটির আনাগোনা। স্টেশনের যাত্রীদের কাছেও সে পরিচিত। সম্প্রতি এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটির ছবি পোস্ট করে তাকে ‘সরকারি পদে’ নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় হাস্যরস।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী সন্দেশ সামন্ত স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি তুলে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করেন। মজার ছলে তিনি কর্তৃপক্ষকে লেখেন, গুণ্ডাওয়ালি স্টেশনের এই নিষ্পাপ প্রাণীকে একটি সরকারি পদ দেওয়া হোক। তাঁর ভাষায়, বিড়ালটি এত দিন ‘বিনা বেতনে কাজ’ করে যাচ্ছে।

যাত্রীর সেই প্রস্তাব এড়িয়ে যায়নি মেট্রো কর্তৃপক্ষও। বরং তারাও রসিকতায় যোগ দিয়ে বিড়ালটির নতুন পদ ঘোষণা করে।

এমএমএমওসিএল জানায়, বিড়ালটিই তাদের ‘চিফ ফেলাইন অফিসার’। তার দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন ঘুরে দেখা, যাত্রীদের ওপর নজর রাখা এবং এমন জায়গায় বসে থাকা, যেখান থেকে সবাই তাকে দেখতে পারে।

কর্তৃপক্ষের ভাষায়, এখন পর্যন্ত ‘চিফ ফেলাইন অফিসার’-এর কর্মদক্ষতা একেবারেই ‘পারফেক্ট’।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিড়ালটিকে নিয়ে যাত্রীদের নানা মন্তব্যও আসতে থাকে। একজন লিখেছেন, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে গিয়ে তিনি প্রথমে এই বিড়ালটিকেই খোঁজেন।

source: Rajneete

Back to top button