News

জোনাকি বিলে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বজ্রপাতে বুরহান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার বাজার চারতলা সংলগ্ন জোনাকি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত বুরহান উপজেলার আড়াইসীধা পশ্চিমপাড়া গ্রামের আরিজ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার মাগরিবের নামাজের পর বুরহান বাজার চারতলা সংলগ্ন জোনাকি বিলে মাছ ধরতে যান। সন্ধ্যার পর হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

আড়াইসীধা ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় বজ্রপাতে বুরহানের মৃত্যু হয়েছে। তিনি এলাকার পরিচিত একজন জেলে ছিলেন।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

source: Asia Post

Back to top button