শপথের আগেই জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু নতুন রাষ্ট্রপতির

শপথ গ্রহণের আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এর মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সমাধিস্থল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
এ সময় নিরাপত্তার বাইরে অবস্থানরত দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক হাত নেড়ে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
source: Asia Post







