News

এই সরল মন লইয়া কই যাইতাম: ফারুকী

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই জাদুঘরের কাজ করতে গিয়ে ২০০৮ সালের নির্বাচন নিয়ে আমাদের সামনে অনেক কিছুই এসেছে যাতে আমরা চমকে উঠেছি।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

পোস্টে ফারুকী লেখেন, ২০০৮ নির্বাচনকে আমাদের সরল মনে নির্দোষ মনে হয়েছিল। সেই নির্দোষ নির্বাচনে ভোটের হার কত ছিল জানেন? ৮৭ শতাংশ। ২০১২ সালের নির্বাচনের আগে আমাদের স্মৃতিতে সবচেয়ে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছিল ১৯৯১ সালেরটা। সেখানে ভোট পড়েছিল ৫৫ শতাংশের মত। এবারের নির্বাচনের মতো এত উৎসবমুখর নির্বাচন সাম্প্রতিককালে আমরা দেখিনি। এবার ভোট পড়েছে ৬০ শতাংশের মতো। বোঝা যাচ্ছে?

তিনি লেখেন, আওয়ামী লীগের অধীনে তিনটি প্রহসনের নির্বাচন তদন্তের দায়িত্বে গঠিত কমিটি অন্তর্বর্তী সরকারকে দেওয়া প্রতিবেদনে ২০০৮-এর নির্বাচনের ফেয়ারনেস নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছিল। তারা অনেকগুলো ক্লু নিয়েও কথা বলেছেন। 

পোস্টে তিনি আরও বলেন, জুলাই জাদুঘরের কাজ করতে গিয়েও ২০০৮-এর নির্বাচন নিয়ে আমাদের সামনে অনেক কিছুই এসেছে যাতে আমরা চমকে উঠেছি। সময় এসেছে ২০০৮-এর নির্বাচন নিয়ে তদন্তের। যতোটুকু জানতে পেরেছি সেই নির্বাচনের অনেক আলামত ধ্বংস করা হয়েছে। কারা করেছে সেটাও জানা যাবে নির্বাচন তদন্তে গঠিত কমিটির সঙ্গে কথা বললেই। কিন্তু কাজটা করতে হবে। 

সবশেষ ফারুকী লেখেন, তদন্ত করলেই হয়তো আমাদের অজান্তেই সংলাপ বের হয়ে আসবে—‘এই সরল মন লইয়া কই যাইতাম?’

source: Asia Post

Back to top button