গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানায়, দুপুরে ঘরের পাশে একটি গাছের ডাল কাটতে যান রাশেদা বেগম। ওই গাছের ঠিক ওপর দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত একটি কাঁচা ডাল সরাসরি বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে পুরো গাছটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে উঠানে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুপুরের দিকে রাশেদা ঘরের পাশের গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বাইরে একটা বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌঁড়ে বের হই। এসে দেখি সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে।
হারবাং ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রুবেল সিকদার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কাঁচা গাছ বিদ্যুতায়িত হওয়ায় ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
স্থানীয় হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
source: Asia Post







