‘দুই নম্বর নেতার হাতে এক নম্বর দেশ গড়া সম্ভব নয়’

দুই নম্বর নেতার হাতে এক নম্বর দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম। তিনি বলেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। এটা হবে না। সম্ভব না।
রোববার (১৬ আগষ্ট) কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, বাংলাদেশের মাটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় ইসলামী আন্দোলন। কোনো আমেরিকার রক্তচক্ষু, কোনো ভারতের রক্তচক্ষু ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকবে না।
তিনি বলেন, যে ব্যক্তি দুর্নীতিবাজ, সে কি দুর্নীতি বন্ধ করতে পারে? এখন বলেন তো বাংলাদেশে দুর্নীতির সংখ্যা কী পরিমাণ? শোনেন, আপনারা বোঝেন আর না বোঝেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। এটা হবে না। সম্ভব না।
সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, আমাদের দেশে বার বার পরিবর্তন হয়েছে। ব্রিটিশের শাসন পরিবর্তন করেছি। আমরা পাকিস্তানকে পরিবর্তন করেছি। বিগত ২৪-এর শাসন পরিবর্তন করেছি। এরপরে আবার আমরা নতুন শাসন বসিয়েছি। কয়েক মাস হয়ে গেল কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। চুরি বন্ধ করতে পারিনি। শাসক বারবার পরিবর্তন হয়, কিন্তু আমাদের দুর্নীতি পরিবর্তন করতে পারিনি। আসলে সরিষায় যদি ভূত পাই, সে সরিষা দিয়ে ভূত ছাড়ানো যায় না।
তিনি বলেন, আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্থ। দলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য, এদেশে চাঁদাবাজি আমি করব। এই এলাকার চাঁদা আমি তুলব। এই ঘাট আমি দখল করব। তাই যদি উদ্দেশ্যে হয়, তাহলে দেশে শান্তি আসবে কীভাবে? হ্যাঁ কিছু সংখ্যক লোক আঙ্গুল ফুলে কলাগাছ হবে, কিন্তু অধিকাংশ লোকের পরিবর্তন হওয়া সম্ভব না।
source: Asia Post







