News

ওমানের বাংলাদেশ স্কুল সাহামে এসএসসিতে শতভাগ পাস

ওমানে বাংলাদেশ শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল সাহাম থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৭ শিক্ষার্থীই পাস করেছে। এর মধ্যে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুজন ‘এ+’, ছয়জন ‘এ’, দুজন ‘এ-’ এবং একজন ‘বি’ গ্রেড পেয়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ছয়জন। তারাও সবাই পাস করেছে। এ বিভাগে তিনজন ‘এ’, দুজন ‘এ-’ এবং একজন ‘বি’ গ্রেড অর্জন করেছে।

ফলে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে বাংলাদেশ স্কুল সাহামের মোট ১৭ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। বিদ্যালয়টির সামগ্রিক পাসের হার ১০০ শতাংশ।

এ সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে বাংলাদেশ দূতাবাস, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে।

এদিকে, ওমানের বাংলাদেশ স্কুল সাহামসহ বিদেশের বিভিন্ন কেন্দ্রে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩৫৪ জন পাস এবং ৪৮ জন ফেল করেছে। বিদেশের কেন্দ্রগুলোতে গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার বিদেশে মোট ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর একটি প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। বিদেশের কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়।

source: Asia Post

Back to top button