News

ইউএনও-ডিসি অপসারণের দাবিতে ছাত্রদলের সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে উপজেলা ছাত্রদল।

সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্যসচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা পলাশবাড়ী চৌমাথায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি নিয়োগবঞ্চিত প্রার্থীরাও অংশ নেন।

এ সময় বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, শ্রমিক দলের সদস্যসচিব দুলাল, পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাজেদুল ইসলাম মাজেদসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল এবং গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার অপসারণ দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ বাতিল না করা হলে ইউএনও ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন ছাত্রদলের নেতারা।

source: Asia Post

Back to top button