News

জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার

কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের দ্রুত ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু দুটির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে জয়নব ও উম্মে কুলসুমকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া লাগা এই দুই শিশু। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশু দুটিকে নিয়ে গ্রামে ফিরে যায়।

এ নিয়ে একটি পত্রিকায় শিশু দুটির চিকিৎসা-সংকট নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত শিশু দুটিকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন

হাসপাতালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু দুটির চিকিৎসায় দেশের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রয়োজন হলে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করা হবে। সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে, যাতে শিশু দুটি সুস্থ হয়ে উঠতে পারে।

তিনি বলেন, শিশু দুটির চিকিৎসা এবং এ সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার বহন করবে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের পরিবারের প্রতিদিনের খাবারের ব্যবস্থাও করবে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে শিশু দুটির পরিবারের দৈনন্দিন খরচের জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জয়নব ও উম্মে কুলসুমের জন্ম হয়। তারা নাহিদ-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। এই দম্পতির আরও একটি ছেলে সন্তান রয়েছে।

source: Asia Post

Back to top button