News
সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
গতকাল রিয়াদে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।
source: Asia Post






