পাবনায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনার বেড়া উপজেলায় সুবর্ণা খাতুন (১১) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার চর সাঁড়াশিয়া গ্রামে নিজ ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুবর্ণা ওই গ্রামের শওকত আলী ও আলেয়া খাতুনের মেয়ে এবং চরনাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর সুবর্ণাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথামিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয় অধিবাসীদের বরাতে জানা গেছে, সুবর্ণা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। এর আগেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে প্রতিবেশীরা জানান।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
source: Asia Post







