News

স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

রাজধানীর বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্স দোকানে ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার চেষ্টার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে দুই ব্যক্তি বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্স দোকানে প্রবেশ করে নিজেদের এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। পছন্দের স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতে বলার পর মূল্য পরিশোধের সময় তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন।

টাকার বান্ডিল দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন রুবেল আহম্মেদ ফকিরকে আটক করেন। তবে তার অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক সহযোগীসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button