News

হাম উপসর্গে মারা গেছে আরও ৮ শিশু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশু মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭২ শিশু।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে হাম উপসর্গে একজন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১৫৮ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ২৬৯ জন হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী ভর্তি হয়েছে। সেই সঙ্গে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।

source: Asia Post

Back to top button