শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন: রাশেদ খাঁন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া-বামনারটেক এলাকায় উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি শহীদ মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গেও কুশলাদি বিনিময় করেন।
জিয়ারত শেষে সাংবাদিকদের রাশেদ খাঁন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার আইনি সুযোগ রয়েছে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় চুক্তি কার্যকরের ক্ষেত্রে দেশটির দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও তিনি আপিল করেননি। বরং একটি লবিস্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ই-মেইল করে এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন জানিয়েছেন। ট্রাভেল ডকুমেন্ট পেতে হলে তাকে সশরীরে সংশ্লিষ্ট মিশনে উপস্থিত হয়ে স্বাক্ষর, ছবি ও আঙুলের ছাপ দিতে হবে বলে দাবি করেন তিনি।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এ নিয়ে প্রচারিত বক্তব্যকে তিনি ‘আইওয়াশ ও স্টান্টবাজি’ মনে করেন।
তার অভিযোগ, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদল রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।
একই সঙ্গে জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও এনডিপিকেও রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
এসব রাজনৈতিক দল রাজপথে না থাকলে শেখ হাসিনা ও গণহত্যার বিচারের প্রশ্নে তাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় কিংবা সেনাবাহিনীর মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিবিসিতে প্রচারিত ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার জন্য আলাদা কোনো নীতির প্রয়োজন নেই। ২০১৩ সালে তার সরকারের প্রণীত আইনেই তার বিচার হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের শপথ নিয়ে রাশেদ খাঁন বলেন, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, তারা আর কখনো এ দেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে দেশের লাখো মানুষ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
source: Asia Post






