আশুলিয়ায় ডাকাতির আস্তানায় পুলিশের অভিযান, অস্ত্রসহ আটক ৫

আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ফকির চাঁন মিল সংলগ্ন ‘নোফেল গ্রুপ’-এর অভ্যন্তরে অবস্থিত ‘সোনালী এগ্রো’-তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. মুন্না ইসলাম (২০), মো. মিজানুর রহমান (৩০), মো. রানি (২৫), মো. শওকত (৫৫) এবং মো. মজিদুল (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের একটি টিম সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। ডাকাত দলটি ঘটনাস্থলে একত্র হয়ে ডাকাতির চূড়ান্ত পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চক্রটির পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি সুইস গিয়ার চাকু, ২টি ছুরি, ১টি ধারালো ছেনি ও ১টি সাধারণ চাকুসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমে জানানো হবে।
source: Asia Post







