News

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারের বিবৃতি

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণ ছাড়া ‘মিথ্যা তথ্য’ বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ‘অপপ্রচার’ চালাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পাওয়া অভিযোগগুলো বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে।

তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত তিন মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকের দাবি, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার শুরু না করলেও বিদ্যুৎ খরচের ইউনিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আবার কেউ কেউ অভিযোগ করছেন, নিয়মিত মিটারের রিডিং নেওয়ার পরিবর্তে অনুমাননির্ভর হিসাব করে বিল প্রস্তুত করা হচ্ছে।

এ বিষয়ে গত ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে। তার দাবি, অধিকাংশ অভিযোগ তদন্ত করে অতিরিক্ত বিলের অভিযোগের পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

source: Asia Post

Back to top button