নারীর ক্ষমতায়নে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইউএন উইমেন

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ সরকার ও ইউএন উইমেন।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং।
বৈঠকে গীতাঞ্জলি সিং বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ইউএন উইমেনের চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে সংস্থাটির কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের মতো জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি মোকাবিলায় একটি গ্লোবাল প্ল্যাটফর্ম গঠনে বাংলাদেশের প্রস্তাব বাস্তবায়নে তিনি ইউএন উইমেনের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করেন।
একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও কিশোরীদের ওপর সৃষ্টি হওয়া অসম প্রভাব মোকাবিলায় ইউএন উইমেনের অব্যাহত সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোর অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তার অর্থায়নের ঘাটতি দূর করার পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গা নারী ও কিশোরীদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় উভয় পক্ষ জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ)-এর ৭০তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ, সিডও (CEDAW) বাস্তবায়নসংক্রান্ত জাতীয় প্রতিবেদন এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক পরবর্তী জাতীয় কর্মপরিকল্পনা (NAP-WPS) প্রণয়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেন।
source: Asia Post







