শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ, নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন, গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।
source: Asia Post






