News

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

ভারতের বহুল আলোচিত কয়লা ব্লক বরাদ্দ (কোল ব্লক অ্যালোকেশন) কেলেঙ্কারি মামলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত তার বিরুদ্ধে চলা ফৌজদারি কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

বুধবার (২৯ জুলাই) দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, মামলাটি ছিল ওড়িশার তালাবিরা-টু কয়লা ব্লক বরাদ্দকে কেন্দ্র করে। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার পাশাপাশি একসময় কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। সে সময় কয়লা ব্লক বরাদ্দে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় সিবিআই তদন্ত শুরু করে এবং তার ভূমিকাও তদন্তের আওতায় আসে।

দীর্ঘ তদন্ত শেষে সিবিআই আদালতে জানায়, মনমোহন সিং বা মামলার অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ সমর্থনের মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সে কারণেই সংস্থাটি মামলাটি বন্ধের সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সুপ্রিম কোর্ট সেই প্রতিবেদনের সঙ্গে একমত হয়ে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে।

ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত দুর্নীতির অভিযোগগুলোর একটি ছিল তথাকথিত ‘কোলগেট’ কেলেঙ্কারি। ২০১২ সালে ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষক (সিএজি) এক প্রতিবেদনে কয়লা ব্লক বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। পরে বিষয়টি নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয় এবং একাধিক ফৌজদারি তদন্তের সূচনা হয়। একই বিতর্কের জেরে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট তৎকালীন বরাদ্দ করা অধিকাংশ কয়লা ব্লক বাতিল করে দেয়।

২০২৪ সালে মনমোহন সিং মারা যান। তার মৃত্যুর প্রায় দুই বছর পর সুপ্রিম কোর্টের এ রায়ের মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলা এই ফৌজদারি মামলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল।

source: Rajneete

Back to top button