ইউপি নির্বাচন শেষ হবে ২৭ মের মধ্যে: ইসি সানাউল্লাহ

দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, আর শেষ ধাপের ভোট ২৭ মে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ধাপগুলো হলো- প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনার বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে বা নির্বাচনি চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন আগে শেষ হবে। সব জেলায় একই সঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হওয়ার কথা ছিল বা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করবে কমিশন।
নির্বাচনের তপশিল কবে ঘোষণা করা হবে জানতে চাইল সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
স্মার্ট কার্ড ছাপা ও মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগ
সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। বিষয়টি বিস্তারিত পর্যালোচনার জন্য একটি কমিটির মাধ্যমে কাজ করা হবে।
এ ছাড়া স্মার্ট কার্ড ছাপার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পূর্ণ সক্ষমতায় ছাপানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য পারসোনালাইজেশন সেন্টারের চুক্তি ও নিরীক্ষা আপত্তিসহ প্রশাসনিক জটিলতা সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।
মৃত ভোটারদের তথ্য ভোটার তালিকা থেকে দ্রুত বাদ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে পরিবারের কোনো সদস্য বা পরিচিত ব্যক্তিকে নির্ধারিত ১২ নম্বর ফরম পূরণ করে মৃত ভোটারের তথ্য জানাতে হয়। এ পদ্ধতিতে অনেক মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থেকে যায়।
এ সমস্যা সমাধানে অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার একটি প্রস্তাব পেয়েছে কমিশন। শুরুতে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হবে। ফলাফল পর্যালোচনার পর সারা দেশে তা কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইভিএম দ্রুত নিষ্পত্তির নির্দেশ
সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও আলোচনা হয়েছে। কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংরক্ষিত এসব যন্ত্র নিয়ে এখনো বিভিন্ন জটিলতা রয়েছে।
সানাউল্লাহ বলেন, ইভিএম-সংক্রান্ত কমিটির বক্তব্য শুনেছে কমিশন। যন্ত্রগুলো নিষ্পত্তি এবং আগের কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ আইনি কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে বাকি ইভিএম দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর একটি খসড়া সভায় উপস্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনাররা খসড়াটি পর্যালোচনা করে আলাদাভাবে মতামত দেবেন। গত বছর এ পদক দেওয়া হয়নি, চলতি বছরের পদকও এখনো বাকি রয়েছে।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সেগুলো পরবর্তী সভায় আলোচনার সিদ্ধান্ত হয়েছে। সানাউল্লাহ জানান, পরবর্তী কমিশন সভায় বাকি নির্বাচনগুলোর বিষয়ে সিদ্ধান্ত ও বিস্তারিত জানানো হবে।
source: Asia Post







