ফায়ার সার্ভিসের বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে একই কর্মস্থলে টানা তিন বছর চাকরি করলেই সাধারণভাবে বদলিযোগ্য হওয়ার বিধান রাখা হয়েছে। তবে জনস্বার্থে প্রশাসনিক কারণে যেকোনো সময় বদলি করা যাবে।
‘অগ্নিনির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের কর্মচারীদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ নামে জারি করা এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে। এতে ২০২৩ সালের নীতিমালা ও ২০২৪ সালের সংশোধনী বাতিল করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, পঞ্চম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মীদের বদলি-পদায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মীদের ক্ষেত্রে দায়িত্ব পালন করবে অধিদপ্তর। ১২তম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মীদের নিজ জেলায় পদায়ন করা যাবে না। তবে ১৩তম থেকে ২০তম গ্রেডের কর্মীরা নিজ উপজেলা বাদে নিজ জেলার কাছাকাছি কর্মস্থলে পদায়নের সুযোগ পাবেন।
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, হাওর, দ্বীপ ও চর এলাকায় স্থায়ী বাসিন্দা নন- এমন কর্মীদের দুই বছরের বেশি কর্মকাল হলে বদলি বা পদায়নের বিধান রাখা হয়েছে। স্টেশন অফিসার বা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরতদের নিজ জেলায় পদায়ন করা যাবে না। তবে মহানগর ও সিটি করপোরেশন এলাকায় পদায়ন করা যাবে সর্বোচ্চ দুইবার।
স্বামী-স্ত্রী দুজন চাকরিজীবী হলে একই বা কাছাকাছি কর্মস্থলে পদায়নের আবেদন অগ্রাধিকার পাবে। কর্মী বা তাঁর নিকট পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও চিকিৎসার সুবিধার্থে বদলির আবেদন অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে।
অবসরোত্তর ছুটি শুরুর ১৩ মাসের কম সময় বাকি থাকলে সাধারণভাবে আবেদন ছাড়া বদলি করা যাবে না। তবে জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনে ব্যতিক্রম করা যাবে। এ ছাড়া একই পদে কর্মরত দুজনের সম্মতি ও সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে পারস্পরিক বদলির সুযোগ থাকবে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণ শেষে জনবলসংকটপূর্ণ বিভাগে পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। বদলি-পদায়নের প্রস্তাব পরিচালকের (প্রশাসন ও অর্থ) মাধ্যমে মহাপরিচালকের কাছে উপস্থাপন করতে হবে। নীতিমালা বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
source: Asia Post






