News

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ভাটারার সাঈদনগরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে মোহাম্মদ নাঈম (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি ভাটারার সাঈদনগর এলাকার ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

নাঈমের সহপাঠী মাজহারুল জানান, শুক্রবার সকালে দ্বিতীয় তলার বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

source: Asia Post

Back to top button