বিমানবন্দরে স্ক্যানার বেল্টের নিচ থেকে আইফোন উদ্ধার, প্রকৃত মালিককে হস্তান্তর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানার বেল্টের নিচে পড়ে থাকা আইফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।
রোববার (৪ অক্টোবর) ভোররাতে বিমানবন্দরের ৪নং হেভি লাগেজ গেট এলাকা থেকে মোবাইল ফোনটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তারপর প্রকৃত মালিককে খুঁজে বের করে তাকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, ভোররাত আনুমানিক সোয়া দুটার দিকে বিমানবন্দরের ৪নং হেভি লাগেজ গেট এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মিঠুন কুমার স্ক্যানার বেল্টের নিচে ফোনটি পড়ে থাকতে দেখেন ।
তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত অ্যাভসেক সদস্য এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পিসি মো. দোলন মিয়াকে অবহিত করেন।
এরপরই শুরু হয় ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করার সম্মিলিত প্রচেষ্টা। সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর একপর্যায়ে শাহা নুরুজ্জামান নামের এক যাত্রীকে ফোনটির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়।
সবশেষে, পিসি মো. আলমগীরের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকানা নিশ্চিত করে ফোনটি শাহা নুরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়।
বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন ভুক্তভোগীসহ উপস্থিত যাত্রীরা।
source: Asia Post







