সালমান মুক্তাদিরের অফিসে ভাংচুরের ঘটনায় ৩ জনের পরিচয় প্রকাশ

রাজধানী ঢাকার মানিকদিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে তাদের পরিচয় প্রকাশ করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন-নর্থ) মো. মাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৩ জন হলেন মামুন, আসলাম ও মুন্না।
তিনি জানান, মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে এবং সে বর্তমানে ভাসানটেক বস্তিতে বসবাস করে, আসলামের বাড়ি টাঙ্গাইলে; সে রাজধানীর মজুমদারের মোড় এলাকায় থাকে এবং পেশায় একজন অটোচালক এবং মুন্না ভাসানটেক বস্তির বাসিন্দা।
ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, চাঁদা দাবির কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এটা জমিকে কেন্দ্র করে বিবাদমান গ্রুপের মধ্যে হতে পারে। আমরা সঠিকভাবে তদন্ত করলেই জানতে পারব।
ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা সবাই মিলে ঘটনাস্থলটা পরিদর্শন করেছি। ইতোমধ্যে জানতে পেরেছি গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিছু লোক দলবদ্ধভাবে এসে এখানে ভাঙচুর করেছে। এই ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন এবং অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং তারা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। রাতে অপারেশন চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যেই পুলিশের আরও টিম কাজ করছে। আমরা আশা করি, এই ঘটনায় যারা জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনতে পারব।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, হয়তো জমিকে কেন্দ্র করে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। এটি যেহেতু আরও তদন্তে আছে, আইনগত প্রক্রিয়া চলমান। তাই শেষ হলেই জানতে পারব।
source: Asia Post







