News

সরকারি একাধিক সংস্থার ভাতা বাড়াল সরকার

বিভিন্ন দপ্তর, বাহিনী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি, বিশেষ, সীমান্ত ও ক্ষতিপূরণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একাধিক গেজেট জারি করেছে। এতে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাতার নতুন পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

সরকারি কাজে ঝুঁকি ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা এবং দায়িত্ব পালনে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এসব ভাতা দেওয়া হয়।

এর মধ্যে এসএসএফ, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা বিভাগ, কোস্টগার্ড, এসআরবি ও দুদকসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার জন্য বিশেষ ভাতা চালু করেছে সরকার। নতুন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গেজেট অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। একই হারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবেদার মেজর ও তদনিম্ন কর্মচারীদের সীমান্ত ভাতা গ্রেড ও চাকরির বয়সভিত্তিক পাঁচ ধাপে নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২০ ভুক্তদের মাসিক ভাতা এক হাজার ৪৪০ থেকে তিন হাজার ১২০ টাকা করা হয়েছে। গ্রেড-১৫ ভুক্তদের এই ভাতা ২ হাজার ৪০ থেকে চার হাজার ৮০ টাকা হয়েছে। গ্রেড-১০ এর কর্মীদের ২ হাজার ৭৬০ থেকে ৫ হাজার ৬৪০ টাকা এবং গ্রেড-৬ এর জন্য ৩ হাজার ২৪০ থেকে ৬ হাজার ৪৮০ টাকা করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশনাল কাজে নিয়োজিত গ্রেড-১০ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৮ নম্বর গ্রেডে ১ হাজার ৬৮০ থেকে তিন হাজার ৩৬০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৩ হাজার ২৪০ থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকা পাবেন। মাঝের গ্রেডগুলোতেও চাকরির বয়স অনুযায়ী ধাপে ধাপে হার নির্ধারণ করা হয়েছে।

কারা বিভাগের ডেপুটি জেলার ও তদনিম্ন কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করেছে সরকার। ১৭ নম্বর গ্রেডে কারারক্ষী, মহিলা কারারক্ষী ও দেহরক্ষীদের ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-১১ এর ডেপুটি জেলারের ঝুঁকি ভাতা ২ হাজার ৬৪০ থেকে ৫ হাজার ৫২০ টাকা করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ শ্রেণির কর্মচারীর জন্যও নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মচারীদের পদভিত্তিক ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাতা এমসিপিও পদে ৩ হাজার ৮৪০, এসসিপিওতে ৩ হাজার, সিপিওতে ২ হাজার ৭৬০ এবং পিও পদে ২ হাজার ৬৪০ টাকা পাবেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ছে। মহাপরিচালক ২৮ হাজার ৮০০, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ এবং পরিচালক পদের চাকরিজীবীরা ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন। উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম এনালিস্ট ১৫ হাজার ৬০০ টাকা এবং সিনিয়র সহকারী পরিচালকসহ নির্দিষ্ট পদে ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করেছে সরকার।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীদের ঝুঁকি ও বিশেষ ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।

সূত্র: সমকাল

source: Asia Post

Back to top button