আফগানিস্তানের ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

সীমান্তে ড্রোন হামলা ও অনুপ্রবেশ চেষ্টার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বিষয়টি নিশ্চিত করেছেন। এই সামরিক পদক্ষেপের ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে তীব্র চরম উত্তেজনা তৈরি হয়েছে। খবর এনডিটিভির।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, আফগান তালেবান বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাত ও তোরখাম সীমান্ত এলাকা লক্ষ্য করে আটটি ড্রোন হামলা চালায়। তবে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী আক্রমণগুলো প্রতিরোধ করে ড্রোনগুলো ভূপাতিত করে।
এর আগে ইসলামাবাদ জানায়, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর আফগান তালেবান বাহিনী পাকিস্তানি সীমান্ত চৌকি লক্ষ্য করে মর্টারের গোলা ও ভারী অস্ত্র নিক্ষেপ করে। জবাবে পাকিস্তানও পাল্টা আর্টিলারি হামলা চালালে আফগানিস্তানের বেশ কিছু সীমান্ত চৌকি ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
এদিকে পাকিস্তানের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেও পূর্ব আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। সেখানে ২৮ জন জঙ্গি নিহত হওয়ার দাবি করে ইসলামাবাদ। তবে কাবুলের পক্ষ থেকে জানানো হয়, উক্ত হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন, যা জাতিসংঘের আফগান মিশনও নিশ্চিত করেছে।
সাম্প্রতিক এই সামরিক সংঘাতের ফলে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চীন, তুরস্ক, কাতার এবং সৌদি আরবের কূটনৈতিক ও মধ্যস্থতার প্রচেষ্টা চরম হুমকির মুখে পড়েছে।
source: Rajneete







