News

দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সমাজের উন্নয়নে ‘করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএসআর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন ও মেঘনা গ্রুপ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, অবারিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমাদের রয়েছে মেধা, উর্বর ভূমি, খনিজ সম্পদ আর সুনীল সমুদ্র। এ সম্ভাবনার সর্বোত্তম ব্যবহারে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরাই হব বিশ্বের সেরা দেশ।

জব সেটিসফ্যাকশন কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, কোনো কাজে সন্তুষ্টি না থাকলে তা সবার জন্যই ক্ষতিকর। তাই, ভবিষ্যতে কর্মক্ষেত্রে আন্তরিকতা ও সন্তুষ্টির সঙ্গে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এলামনাই এসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান এহসানুল হক মিলন। তিনি বলেন, এলামনাইরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্যের ব্যবহার করে কল্যাণে কাজ করতে পারে। তারা নতুন প্রজন্মকে দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।‌

মার্কেটিং এলামনাই এসোসিয়েশনও জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, আশা মন্ত্রীর।

মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা।

source: Asia Post

Back to top button