বাল্টিক দেশগুলোর রাষ্ট্রপতিদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

বাল্টিক সাগরের পূর্ব উপকূলের তিন দেশের তিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ। লিথুয়ানিয়া, লাতভিয়া এবং এস্তোনিয়াকে একত্রে বাল্টিক দেশ বলা হয়।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সদরদপ্তরে চলমান ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে তিন দেশের রাষ্ট্রপতিদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব গুতেরেজের সঙ্গে সাক্ষাতে অংশ নেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেডা, লাতভিয়ার প্রেসিডেন্ট এদগারাস রিনকেভিচুজ এবং এস্তোনিয়ার প্রেসিডেন্ট এলার কারিস।
এক টুইট পোস্টে (এক্স) লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেডা এ বিষয়ে জানান, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা এবং ইউরো-আটলান্টিক জুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি নিয়ে আলোচনা হয়। গিতানাস বলেন, এর (রাশিয়া) উচ্চাকাঙ্ক্ষা নিশ্চিতভাবে ইউক্রেনের বাইরেও সম্প্রসারিত হচ্ছে।
জাতিসংঘের ভূমিকা আরও শক্তিশালী করতে গুতেরেজের কাজের প্রশংসা করে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎকালে বলেন, ‘জাতিসংঘের আগামী মহাসচিবকে জাতিসংঘ চার্টার এবং আন্তর্জাতিক আইনের শক্তিশালী রক্ষক হতে হবে।’
একই সঙ্গে জাতিসংঘে লিথুয়ানিয়ার সদস্য পদ অর্জনের ৩৫ বছর পূর্তির বিষয়টিও স্মরণ করেন প্রেসিডেন্ট গিতানাস।
source: Asia Post







