পুলিশের চার এসপি-ডিসিকে বদলি

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) তাদেরকে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
source: Asia Post







