News

সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ সিজন-২’ শুরু

সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’ শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কোরআন তেলাওয়াত, জুলাইয়ের গান ও আবৃত্তির মধ্য দিয়ে উৎসবটির উদ্বোধন করা হয়। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘শিশুদের চোখে জুলাই’।

জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ আনাসের মা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি শহীদ আনাসসহ সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, সেই চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসতে হবে।

সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সাইমুম শিল্পীগোষ্ঠী সবসময় সুস্থ, নৈতিক ও সত্যের পক্ষে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করে আসছে। জুলাইয়ের গণ-জাগরণ নতুন করে আলোর পথ দেখিয়েছে। শিশু-কিশোর ও তরুণদের হাত ধরেই সুস্থ ধারার সাংস্কৃতিক বিপ্লব বাস্তবায়িত হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, সংসদ থেকে রাজপথ ও সাংস্কৃতিক অঙ্গন—সব জায়গা থেকে ফ্যাসিবাদের অবশেষ দূর করতে হবে। গণ-মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন সুস্থ সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জুলাই গণ-আন্দোলনে শিশুদের অবদানের কথা তুলে ধরে সাইমুম শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান সিবাগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই গণ-আন্দোলনে ১৩৩ জন শিশু শহীদ হয়েছে। তাদের ত্যাগ ও বীরত্বের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই আন্দোলন রাজনৈতিক ভিত্তির চেয়ে সাংস্কৃতিক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে সাংস্কৃতিকভাবে নতুনভাবে জেগে উঠতে হবে এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বিশিষ্ট গীতিকার, সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন ও সুস্থ সংস্কৃতি মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। অপসংস্কৃতির অবসান ঘটিয়ে সত্য ও দেশীয় মূল্যবোধের চর্চাকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক চেয়ারম্যান মোবারক ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শরীফ বায়জিদ মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।

আলোচনা পর্বের পাশাপাশি সাইমুমের শিশু শিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক সংগীত, কবিতা আবৃত্তি এবং ‘জুলাই জাগরণ’-এর বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে শিশু-কিশোর ও তরুণ শিল্পীদের অংশগ্রহণে জুলাইয়ের স্মৃতি, গণ-আন্দোলনের চেতনা এবং সুস্থ সংস্কৃতিচর্চার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

source: Asia Post

Back to top button