News

পাবনায় পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

পাবনার চাটমোহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো—ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)।

স্বজনদের জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী হুজাইফা ও মাহফুজ। একপর্যায়ে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা পর পুকুরের পানিতে ভেসে ওঠে দুই শিশুর মরদেহ। পরে দ্রুত উদ্ধার করে তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত কষ্টদায়ক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

source: Asia Post

Back to top button