ওলামা অ্যালায়েন্সের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর আদর্শিক উত্তরাধিকার ও বর্ণাঢ্য অবদান এবং সব শহীদ, মজলুম ও আহতদের স্মরণে ‘উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগর আলোকায়ন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, ঢাকা মহানগর উত্তর এর আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী বলেন, আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দ্বীনি ও জাতীয় জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের রেখে যাওয়া আদর্শ ও আমানতকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।
মুখ্য আলোচকের বক্তব্যে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, আমাদের সঠিক সিদ্ধান্ত ও দূরদর্শী রাজনীতির স্বার্থে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনায় যদি আমরা আলেমদের সমন্বিত করতে না পারি, তবে মূলধারার রাজনীতি কোনো না কোনো কৃত্রিম সংকট বা দুর্ভিক্ষের আড়ালে পণ্ড হয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশ যখনই কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবলে পড়ে দিশেহারা হয়েছে, তখনই এ দেশের আলেম ও ছাত্র-জনতা দেশ-জাতির হাল ধরেছেন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন।
ওলামা অ্যালায়েন্সের সদস্যরা নিজেদের কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী (রহ.)-এর আদর্শ ও ছায়াতলে রেখে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা আমাদের ঐতিহ্য ও উত্তরাধিকার কখনো বিসর্জন দেব না; আমাদের আকাবিররা কখনো বিক্রি হননি, হবেনও না।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তার বক্তব্যে আল্লামা আহমদ শফী (রহ.)-এর বৈচিত্র্যময় জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মরহুমের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা স্মরণ করেন তিনি।
তিনি উপস্থিত সবাইকে বুজুর্গদের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পথচলায় এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান।
source: Asia Post






