News

ঢাকা রংপুর লংমার্চে ৮ দফা দাবি, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর লংমার্চকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। লংমার্চে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সাত দফা দাবির পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিও যুক্ত করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ উপলক্ষে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর পর্যন্ত পথে মোট সাতটি বৃহৎ জনসভা এবং পাঁচটি পথসভার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, গত আট থেকে দশ দিন ধরে মহাসড়ক সংশ্লিষ্ট বিভিন্ন শাখার আমীর, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনলাইন বৈঠকের মাধ্যমে লংমার্চের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।লংমার্চের প্রস্তুতিতে সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা ও সহানুভূতি পাওয়া গেছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রংপুর অভিমুখী লংমার্চের মূল দাবির সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সাত দফা দাবি যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিরোধীদলীয় নেতাদের বৈঠকে উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের দাবি হিসেবে ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’কে লংমার্চের দাবির সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের সকল দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় দূর করে অবিলম্বে কূটনৈতিক ও সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, লিয়াজোঁ কমিটি ও শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

source: Asia Post

Back to top button