News

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর

খুলনা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিদ আহমেদ।

একই প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তা পদে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), এসবি ঢাকার ডিআইজি মীর অপরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মাস র্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দাকী তাঞ্জিলুর রহমানকে এসবি ঢাকার ডিআইজি পদে বদলি/পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

source: Asia Post

Back to top button