সরকারি হাসপাতালের সেবা ও তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ

দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জনসেবার গুণগত মান বাড়াতে নিয়মিত পরিদর্শন ও তদারকির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার ৬৯ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দিয়ে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মপরিধি উল্লেখ করে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার আওতাধীন নির্ধারিত জেলা বা উপজেলার হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। মনিটরিং কার্যক্রমে সাচিবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট শাখার প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তা পরিদর্শকের সফরসঙ্গী হবেন।
আদেশে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি এবং সে সংক্রান্ত তথ্য বা প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, পুষ্টি কার্যক্রম এবং প্রবীণদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করবেন তারা। স্বাস্থ্যসেবার মান বাড়াতে উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত করার দায়িত্বও দেওয়া হয়েছে তাদের।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চলতি মাসেই আবশ্যিকভাবে কমপক্ষে একটি এবং পরবর্তীতে প্রতিমাসে কমপক্ষে একটি হাসপাতাল পরিদর্শন করতে হবে।
পরিদর্শন শেষে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
source: Asia Post







