রায়েরবাজারে ছয় অটো গ্যারেজে অভিযান, চারটিতে মিলল চোরাই বিদ্যুৎ সংযোগ

রাজধানীর রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোরাই বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। অভিযানে ছয়টি গ্যারেজের মধ্যে চারটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমাণ পাওয়া গেছে।
ডিএমপি জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিসহ (ডেসকো) সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ট্রাফিক তেজগাঁও বিভাগ জানায়, অভিযানের সময় ছয়টি অবৈধ অটোরিকশা গ্যারেজের বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি গ্যারেজের সংযোগ বৈধ ও সঠিক পাওয়া যায়। অন্য চারটি গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।
এ সময় একটি গ্যারেজের মালিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে রবিউল নামের এক ব্যক্তি জড়িত। তিনি গ্যারেজগুলোতে অবৈধ সংযোগ দিয়ে প্রতিটি গ্যারেজ থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা করে আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর অবৈধ গ্যারেজ এবং চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
source: Asia Post







