মাদক-কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা ডিএমপির

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন এবং নাগরিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বসিলা পুলিশ ক্যাম্পে মোহাম্মদপুর থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
সভায় মোহাম্মদপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় নাগরিকদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয়। একই সঙ্গে এলাকায় চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, যানজট এবং স্থানীয় বিরোধসহ বিভিন্ন অপরাধ ও জনদুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় নাগরিকদের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, ‘পুলিশকে নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী, সাধারণ নাগরিক এবং শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পুলিশ কাজ করছে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়ানো গেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সরাসরি অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও নাগরিকদের মধ্যে সম্পর্ক যত সহজ ও কার্যকর হবে, এলাকার চুরি, ছিনতাই, যানজট ও স্থানীয় বিরোধসহ বিভিন্ন সমস্যা তত দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।’
মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান র্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এসব সমস্যা সমাধান করা সম্ভব নয়। সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও আচরণের বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
একই সঙ্গে অপরাধ বা অনিয়মের বিষয়ে নাগরিকদের ভীত না হয়ে সাহসিকতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের পাশাপাশি ডিএমপি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







