News

মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক

টাঙ্গাইলের মধুপুরে এক মাদক কারবারির বাড়ি থেকে ৪ হাজার পিসের বেশি ইয়াবা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর শহরের টেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হাফিজ উদ্দিন নামে ওই মাদক কারবারি পালিয়ে যান বলে জানা গেছে।

হাফিজ উদ্দিন মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। তিনি পৌর শহরের টেকিপাড়া এলাকায় তার শ্বশুর সাবেক পৌর কাউন্সিলর মৃত সাখাওয়াত হোসেনের বাড়ির পাশে শ্বশুরের কাছ থেকে পাওয়া ওয়ারিশি জমিতে বাড়ি করে বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানান, হাফিজের কর্মকাণ্ড নিয়ে এলাকায় আগে থেকেই সন্দেহ ছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজন তার বাড়িতে গিয়ে সেখানে ইয়াবা রয়েছে— এমন তথ্যের কথা জানিয়ে তাকে চ্যালেঞ্জ করেন। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মধুপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটিতে অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন ও মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের উপস্থিতিতে ইয়াবাগুলো গণনা করা হলে মোট ৪ হাজার পিসের কিছু বেশি পাওয়া যায়।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। পলাতক হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

source: Asia Post

Back to top button