জাতিসংঘের বাইরে কারও নির্দেশনা গ্রহণ করব না: খলিলুর রহমান

সভাপতির দায়িত্ব পালনকালে জাতিসংঘের বাইরে কারও নির্দেশনা গ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ‘দায়িত্ব থাকাকালীন জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধির আলোকে কার্যক্রম পরিচালনা করব।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির শপথ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।
শপথবাক্যে খলিলুর রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমার ওপর অর্পিত কর্তব্য ও কার্যাবলি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা এবং বিবেক ও সততার সঙ্গে পালন করব। জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধির আলোকে আমি শুধু জাতিসংঘের স্বার্থে এই কার্যাবলি সম্পাদন করব।’
তিনি আরও বলেন, ‘আমার দায়িত্ব পালনের বিষয়ে এ সংস্থার বাইরের কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে নির্দেশনা চাইব না বা গ্রহণ করব না।’
এর আগে মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।
source: Asia Post







