ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৮ জন শনাক্ত

ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত আটজনকে শনাক্ত করার দাবি করেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযুক্ত আট ব্যক্তির নাম ও তাদের ফেসবুক প্রোফাইল শেয়ার করেছেন।
জুলকারনাইন সায়েরের পোস্টে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—হাওলাদার মনিরুল, মাসুম খালাসি, সেপল মাহমুদ বিপ্লব, কাজী লাবু, আলতাব পাহার, প্রেম কুমার হৃদয়, নুর-ই আলম ও মোক্তার মোল্লা। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জুলকারনাইন সায়ের বলেন, ‘বাঁধনের ওপর হামলার সময়ে এদের প্রত্যেকেই তাকে শারীরিকভাবে আঘাত করেছে, গায়ে হাত তুলেছে, বোতল থেকে তরল পদার্থ ছুঁড়ে মেরেছে, মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে অসৎ উদ্দেশ্যে হয়রানি করেছে। এমনকি সাথে থাকা তার স্বজন এবং চার বছর বয়সী একটি শিশুকেও মারতে উদ্যত হয়েছিল।’
পোস্টে জুলকারনাইন সায়ের আরও দাবি করেন, ‘এই হামলাকারীদের কয়েকজনকে এই ঘটনার দুইদিন আগে পতিত স্বৈরশাসক হাসিনার পুত্র জয়ের সাথে ছবি তুলতে লক্ষ্য করা যায়। বাঁধনকে ওপর হামলায় সজীব ওয়াজেদ জয়ের ইন্ধন রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং দেশটির বাংলাদেশ দূতাবাস বাঁধনকে সকল সহায়তা প্রদান করবে বলে সরকারের তরফ হতে নিশ্চিত করা হয়েছে।’
জুলকারনাইন সায়ের বলেন, ‘এই হামলাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন, এমনটাই কাম্য।’
এদিকে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন, বাঁধনের সঙ্গে কথা হয়েছে এবং তিনি নিরাপদে আছেন। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গেও বাঁধনের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
নাজমুল হক জানান, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালিয়ান পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বুধবার এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন বাঁধন। তিনি জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে মেস্ত্রের একটি পার্কে গেলে একদল বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।
বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে উৎসবে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটি এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে।
source: Asia Post







