শিক্ষাকে পণ্য বানানো যাবে না : সাইফুল হক

শিক্ষাকে পণ্য বানানো যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। তিনি বলেছেন, “শিক্ষা সবার অধিকার। শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষাক্ষেত্রের বৈষম্য ‘সমাজের বৈষম্য’ বাড়াচ্ছে। আবার সামাজিক বৈষম্যও শিক্ষার বৈষম্যকে তীব্রতর করছে। শিক্ষা নিয়ে যথেচ্ছ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে।”
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতি ঢাকা মহানগরের শিক্ষাক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা। কিন্তু গত দুই বছরে ধনী-গরিবের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বৈষম্য প্রকট হয়েছে।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সামাজিক, অর্থনৈতিক ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করা। দুর্ভাগ্যজনকভাবে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রেও নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। যা বন্ধ করা দরকার।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘একটি যুগোপযোগী, মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি ও কারিকুলাম প্রণয়নে সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের এগিয়ে আশা প্রয়োজন।’
এজন্য তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সমাজ, অর্থনীতি ও মানুষের জীবন সম্পর্কে জানার আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, ‘জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বিকাশ ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে।’
বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় সংগঠক মামুন উদ্দিন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দীপংকর চন্দ্র কর, মাহমুদ আলভী, রাজু আহমেদ, ইমরান হোসেন সরকার, ইভা আকতার প্রমুখ।
শিক্ষাবিষয়ক এ অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র সংহতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।
source: Asia Post







