News

এশিয়া পোস্টে প্রকাশিত সংবাদ নিয়ে ছুটি রিসোর্টের ব্যাখ্যা

এশিয়া পোস্টে গত ২১ জুন ‘আজীবন মুনাফার প্রতিশ্রুতি: ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে ‘ছুটি রিসোর্ট’।

প্রতিষ্ঠানটির পাঠানো ব্যাখ্যা হুবহু তুলে ধরা হলো—

এশিয়া পোস্টে প্রকাশিত ‘৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট’ শীর্ষক প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। তবে প্রতিবেদনে উল্লিখিত বেশকিছু তথ্য অসম্পূর্ণ, বিভ্রান্তিকর এবং ছুটি গ্রুপের প্রকৃত কার্যক্রমের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে আমরা বিশ্বাস করি।

প্রথমত, কক্সবাজারে আমাদের প্রকল্পটি ‘ছুটি বিচ রিসোর্ট’ নামে পরিচালিত হচ্ছে। প্রকল্পের জন্য ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ জমি ক্রয় সম্পন্ন হয়েছে। যার পরিমাণ ৮ বিঘা এবং প্রকল্পের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য অবশিষ্ট জমি ক্রয়ের লক্ষ্যে ভূমি মালিকদের সঙ্গে সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। প্রকল্পের নির্মাণকাজ বর্তমানে ক্রয়কৃত জমির ওপরই পরিচালিত হচ্ছে। আমরা বিনিয়োগকারী ও গ্রাহকদের প্রতি সর্বোচ্চ স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমাদের সব বিক্রয় কার্যক্রম শুধু আইনগতভাবে ক্রয়কৃত এবং প্রকল্পের জন্য নিশ্চিতকৃত সম্পদের ভিত্তিতেই পরিচালিত হয়ে থাকে এবং যেসব জমির ক্রয় প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, সেসব জমিকে বিক্রয়যোগ্য সম্পদ হিসেবে উপস্থাপন করা হয় না।

দ্বিতীয়ত, প্রকল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় নিবন্ধন, অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধিবিধান অনুসরণ করে ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে এবং কিছু প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আমরা সবসময় আইনানুগ, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় বিশ্বাসী এবং বিনিয়োগকারী ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।

তৃতীয়ত, গণমাধ্যমে উল্লিখিত দুটি পৃথক প্রতিষ্ঠানের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। পৃথক প্রতিষ্ঠানসমূহের বিষয়ে বিনিয়োগকারী ও সাধারণ জনগণের সদয় অবগতির জন্য আমরা স্পষ্ট করতে চাই যে, সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে ব্যবসায়িক কাঠামো পুনর্বিন্যাস এবং আনুষ্ঠানিক পৃথকীকরণ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। বর্তমানে ছুটি গ্রুপের অনুমোদিত ও সংশ্লিষ্ট প্রকল্পসমূহ হলো—ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূবাইল, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি হারমনি, সালতানাত টি-রিসোর্ট, সালতানাত হাইওয়ে ভিলেজ, ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট, ছুটি ভ্যালী এবং ছুটি বিচ রিসোর্ট। এ ছাড়া এ প্রতিবেদনে উল্লেখিত অন্য কোনো প্রকল্পের সঙ্গে ছুটি গ্রুপের সম্পৃক্ততা নেই।

চতুর্থত, প্রতিবেদনে প্রকাশিত লোগো দুটির মধ্য হতে একটি লোগো ছুটি গ্রুপকে প্রতিনিধিত্ব করে। ছুটি গ্রুপের অনন্য পরিচয় হলো তার ১৪ বছরের ইকোসিস্টেম এবং ‘ছুটি’ শব্দের ফন্টভিত্তিক লোগো, যা বিবৃতির সঙ্গে সংযুক্ত।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিনিয়োগকারীদের আস্থা ও স্বার্থ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে আমরা সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনসম্মত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারবদ্ধ। অতএব গণমাধ্যমকর্মী, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সব পক্ষকে যে কোনো তথ্য যাচাইয়ের জন্য সরাসরি আমাদের নির্ধারিত কার্যালয় বা অফিসিয়াল যোগাযোগমাধ্যমে (www.chutigroup.com) অথবা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য সদয় অনুরোধ করা যাচ্ছে। আমরা সর্বদা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক তথ্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

source: Asia Post

Back to top button