রাজধানীর কাফরুলে অপহৃত শিশুকে উদ্ধারে পুলিশের অভিযান

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে নুসরাত জাহান নামের সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে পুলিশের একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শনিবার রাত পৌনে একটায় এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এক নারী শিশুটিকে নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পর থেকেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়। সংবাদ পাওয়ার পর রাত ১০টার দিকে আশপাশের এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে ভাসানটেক বস্তি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিশুটিকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, নুসরাত জাহান পরিবারের সঙ্গে পূর্ব শেওড়াপাড়ায় একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা মো. তাজেল পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।
source: Asia Post







