বাংলাদেশি নাগরিকরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসার ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া ফের শুরু করল দেশটি। ফেডারেল আদালতের এক আদেশের পর অভিবাসীদের ভিসা স্থগিতের রায় বাতিল করে নতুন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, এমন আবেদনকারীদের বাছাই-প্রক্রিয়ার অংশ হিসেবে এই ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অভিবাসী ভিসার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়া যেত। তবে স্থগিতাদেশের নীতির বিরুদ্ধে মামলা করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে এ মামলা করা হয়। পরে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এ বিষয়ে রায় দেন।
আদালত বলেছেন, কেবল জাতীয়তার ওপর ভিত্তি করে অভিবাসী ভিসা প্রত্যাখ্যান করা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় পররাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারবহির্ভূত কাজ। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২৮ আগস্ট হালনাগাদ করা নতুন তথ্যে ওই স্থগিতাদেশ ‘আর কার্যকর নেই’ বলে নিশ্চিত করা হয়েছে।
২১ আগস্ট থেকে স্থগিতাদেশ শেষ
আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে অভিবাসী ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ আর কার্যকর নেই। ২৮ আগস্ট হালনাগাদ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর ফলে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া আবার শুরু করা যাবে। তবে আবেদনকারীদের ভিসার জন্য নির্ধারিত স্বাভাবিক সব শর্ত পূরণ করতে হবে।
স্থগিতাদেশ চলাকালে যেসব ভিসা আগে থেকেই দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হয়নি। একই সময়ে নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও ছিল। মূলত ভিসা আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা দেওয়ার ওপরই স্থগিতাদেশ কার্যকর ছিল।
যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যে ৭৫ দেশের নাগরিকরা
বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রানাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিন্স, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিশিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।
কী হবে আবেদনকারীদের ক্ষেত্রে
স্থগিতাদেশ উঠে যাওয়ার ফলে সাধারণ সব নিয়মকানুন সাপেক্ষে এখন থেকে এই ৭৫ দেশের আবেদনকারীদের জন্য আবার অভিবাসী ভিসা ইস্যু করবে যুক্তরাষ্ট্র। আগের দেওয়া ভিসার ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়।
সূত্র: এনডিটিভি
source: Asia Post







