সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার কোনো মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন স্থানে কনসার্ট বন্ধ বা বাতিল হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গেলেই সরকার সহযোগিতা করেনি—এমনটা মনে করার কারণ নেই। অনেক ক্ষেত্রে নিরাপত্তাজনিত বিষয়ও থাকতে পারে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন অনেক কনসার্ট হচ্ছে। বড় বড় কনসার্টও আয়োজন করা হচ্ছে।
আন্দালিভ রহমান পার্থ বলেন, আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে সাংস্কৃতিক কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়। এ ধরনের চিন্তা আমরা শেয়ার করি না।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিস্থিতির নাটকীয় উন্নতি হয়েছে।
তিনি বলেন, আমরা একমত সবাই, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় কিছুই হচ্ছে না এখন। ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এ সরকারের সময় সিগনিফিক্যান্টলি বললে কম বলা হবে, ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে।
তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না, তা তিনি অস্বীকার করেননি। জাহেদ উর রহমান বলেন, তবে দু-একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
source: Asia Post







