News

বাংলাদেশের পরের টেস্ট ঘিরে উন্মাদনা, প্রথম দিনের টিকিট শেষ

ডারউনে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ম্যাকেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্ট শুরুর চার দিন আগেই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ২২ আগস্ট প্রথম দিনের সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ সব টিকিট শেষ। প্রথম দিনের করপোরেট প্যাকেজও আর পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। তবে তৃতীয় ও চতুর্থ দিনের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এটিই হতে যাচ্ছে ছেলেদের প্রথম টেস্ট। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ১২তম এবং কুইন্সল্যান্ডের চতুর্থ টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে ম্যাকের এই মাঠের।

দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের ১-০ ব্যবধানে এগিয়ে থাকাও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। ডারউনে চার দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

আরো পড়ুন

দুই টেস্ট ঘিরে দর্শকদের সাড়া নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তিনি বলেন, ‘দুই টেস্ট ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, শক্তিশালী টিকিট বিক্রিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে।’

ডারউনে ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফেরার পাশাপাশি ম্যাকেতে প্রথমবারের মতো এই সংস্করণের ম্যাচ আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রথাগত গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে আগস্টে উত্তরাঞ্চলে টেস্ট আয়োজনের সিদ্ধান্তেও দর্শকদের এমন সাড়া বাড়তি স্বস্তি দিচ্ছে আয়োজকদের।

গ্রিনবার্গ বলেন, ‘ম্যাকের প্রথম দিনের টিকিট ম্যাচ শুরুর আগেই শেষ হয়ে যাওয়ায় আমরা খুবই আনন্দিত। অস্ট্রেলিয়া ও বিদেশের দর্শকদের সমর্থনও অসাধারণ।’

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার প্রধান নির্বাহী অ্যাড্রিয়ান ইয়াং জানিয়েছেন, স্থানীয় দর্শকদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ ম্যাকেতে আসছেন। বড় আন্তর্জাতিক আয়োজনের ভেন্যু হিসেবে নিজেদের সক্ষমতা দেখানোর সুযোগ হিসেবেও ম্যাচটিকে দেখছেন তারা।

আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে প্রতিদিনের খেলা।

ডারউনে ৯ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এবার আরও বড় ইতিহাসের সুযোগ। ম্যাকে টেস্ট ড্র করলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে শান্তর দল। সিরিজ বাঁচাতে তাই জয় ছাড়া কোনো পথ নেই প্যাট কামিন্সদের।

source: Asia Post

Back to top button