কাপ্তাই হ্রদে ঝড়ে নৌকাডুবি, ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবা

রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় নিজের চার বছরের শিশুসন্তানকে সাঁতরে উদ্ধারকারীদের হাতে তুলে দিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও, তীব্র ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছেন বাবা আবদুস সালাম (২৮)।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনী বাজার থেকে নিজের ছোট ছেলেকে নৌকায় নিয়ে বাড়ি ফিরছিলেন আবদুস সালাম। পথিমধ্যে হ্রদের মাঝে হঠাৎ তীব্র ঝড় ও প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হলে নৌকাটি ডুবে যায়। সালাম তার শিশুসন্তানকে আঁকড়ে ধরে সাঁতরে প্রাণপণ বাঁচার চেষ্টা করেন। দূর থেকে একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে পারলেও, প্রচণ্ড ঢেউয়ের কারণে সালামকে তোলার আগেই তিনি পানিতে তলিয়ে যান।
পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢোকায় প্রাথমিক জটিলতা তৈরি হয়েছিল, তবে বর্তমানে সে শঙ্কা মুক্ত রয়েছে।
লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দুর্ঘটনার পর রাঙামাটি থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। কিন্তু অন্ধকার নেমে আসায় রাতের মতো অভিযান স্থগিত করতে হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
source: Asia Post







